টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জীবন চাকমা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শনিবার (১১ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী চাকমা পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জীবন চাকমা (২৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে পরিচালিত অভিযানে জীবন চাকমাকে আটক করা হয়। তিনি ওই এলাকার চাইলা মং চাকমার ছেলে এবং আদালতের দেওয়া পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।