মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

প্রসব বেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার গর্ভের সন্তানও মারা গেছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক ইউনিয়নের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন্তি চাকমা (৩০) সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং সন্তান প্রসবের জন্য শনিবার সকালে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল।

পথিমধ্যে চাম্পাতলী এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন্তি চাকমা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, দুর্ঘটনায় তার গর্ভের সন্তানও বাঁচেনি।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। হাসপাতালে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

এদিকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাটাগরি