নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক, সিএনজি জব্দ
কক্সবাজারের রামু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন রামু উপজেলার উত্তর পত্তেকারকুল গ্রামের মো. নুরুল হাশেম (৩৫) এবং তেচ্ছিপুল গ্রামের মো. হাসান আলী (২০)।
বিজিবি জানায়, রামু সীমান্ত দিয়ে আনা ইয়াবার চালানটি একটি সিএনজি অটোরিকশার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে বহন করা হচ্ছিল। পরে চাকঢালা বাজার এলাকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।