বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

ইনানীর বে ওয়াচ রিসোর্টের সুইমিংপুলে গোসলে নেমে হৃদরোগে আক্রান্ত, পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানী সৈকত এলাকার বে ওয়াচ রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নেমে মিরাজ খান (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানকে নিয়ে দুই দিনের ভ্রমণে কক্সবাজারে এসে ইনানীর বে ওয়াচ রিসোর্টে অবস্থান করছিলেন মিরাজ খান। মঙ্গলবার দুপুরে রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নামার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে রিসোর্ট কর্তৃপক্ষ ও স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মিরাজ খান আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তাদের ধারণা, সুইমিংপুলে নামার পর হৃদরোগজনিত জটিলতায় তিনি অসুস্থ হয়ে পড়েন, যা তার মৃত্যুর কারণ হতে পারে।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি