আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে রয়েছে সরকারি ছুটি।
ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং মানবজাতিকে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব পান।
মহানবী (সা.)-এর আগমনের আগে আরব সমাজে মূর্তিপূজা, হানাহানি, অরাজকতা ও নানা অনাচার ব্যাপকভাবে প্রচলিত ছিল। তাঁর মাধ্যমে মানুষ সত্য, ন্যায়, শান্তি, সাম্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা লাভ করে।
তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে শান্তি ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হচ্ছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে।
বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিল, জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি এবং এনসিপির উদ্যোগে বাংলামোটরে মেহফিলে ইশক রাসুল (সা.) ও নাত-সন্ধ্যার আয়োজন রয়েছে।