টেকনাফের পাহাড় থেকে বিদেশি রাইফেলসহ অস্ত্র-গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ডাকাত দলের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র এবং ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানস্থল থেকে এক লিটার দেশীয় মদও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে কোস্টগার্ড ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।