বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে ১ লাখ ইয়াবা ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার সড়কের টেকনাফ ক্যাম্পের মেইন গেটের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পিকআপে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ড্রাইভারের সিটের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন জাফর আলম (৫৫)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার বাসিন্দা। অপরজন মো. তারেক (১৯)। তিনি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড করাচি পাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, অভিযানে ১ লাখ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ক্যাটাগরি