সদর উপজেলা

লিংক রোডে এসআরবির হাতে ১৪ হাজার ইয়াবাসহ দুই তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।

এসআরবি-১৫ জানায়, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালানো হলে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১৫।

পরে জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি