মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের সদর উপজেলার তারাবনিয়াছড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কামাল হোসেন ওরফে কামালকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবনিয়াছড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামি তারাবনিয়াছড়া এলাকায় জনৈক রফিকের নির্মাণাধীন ভবনের সামনে অবস্থান করছেন। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কামাল হোসেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া এলাকার হোসেন আলী ওরফে পুতিয়া ও তাহেরা বেগমের ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণ অনুযায়ী, তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা এবং কক্সবাজার জেলার রামু থানায় একাধিক মাদক মামলা ও সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
র্যাব জানায়, অপরাধীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।