চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিচ্ছিল ছোট্ট মেয়ে
বাজারের খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে উৎসুক মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য বাজার থেকে কিনে আনল রুটি আর চা। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দিল খাবার। বাবার অসহায় মুখ আর মেয়ের এমন মমতার দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত মানুষের হৃদয়। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানেও তৈরি হয় আবেগঘন প্রতিক্রিয়া।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। শুক্রবার দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের ছোট্ট মেয়ে। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে সে। এরপর সারারাত অনাহারে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
বাবা-মেয়ের সেই মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় এক যুবক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাবার মুখে মেয়েটিকে খাবার তুলে দিতে দেখা যায়। দৃশ্যটি দেখে অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানান।
স্থানীয় বাসিন্দা শুভ বলেন, ‘মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।’
আরেক স্থানীয় বাসিন্দা মিলন বলেন, ‘চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা দেখেছি, সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।’
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন স্থানীয়রা।
উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক জানান, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এর আগেই স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।