পেকুয়া

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা মামলার তিন আসামি চট্টগ্রামে গ্রেফতার

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) হত্যা মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—পেকুয়ার টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তাঁর মেয়ে ফাহিমা জান্নাত এবং একই এলাকার সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ইউসুফ আলীকে মারধর এবং সড়কে আছাড় দেওয়ার অভিযোগ ওঠে।

হামলায় গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইউসুফ আলীর স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ক্যাটাগরি