পেকুয়া

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে জরিমানা

কক্সবাজারের পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে ট্রাকে লবণবোঝাই করার অভিযোগে রায়হান (২১) নামে এক ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। রায়হান রাজাখালী মাঝিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, মাঝিরপাড়া এলাকার সরু সড়কে বড় ট্রাক রেখে লবণবোঝাই করার কারণে প্রায়ই যান চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হয়। কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সড়কে আটকে থাকতে হয় বলেও জানান তারা।

তাদের অভিযোগ, সড়কের ওপর ট্রাক রেখে লবণবোঝাই করায় যান চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। জনদুর্ভোগ বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, সড়কে ট্রাক রেখে লবণবোঝাই করে জনদুর্ভোগ সৃষ্টির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২ ধারা অনুযায়ী ট্রাকচালক রায়হানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্যাটাগরি