পেকুয়া

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় ইউসুফ আলী (৬৭) হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আকাশ মিয়া পেকুয়ার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদেরের ছেলে। নিহত ইউসুফ আলী একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আকাশ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে ইউসুফ আলী হত্যা মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হলো।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ মামলার আরও তিন আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁরা হলেন—নুরুল কাদের, তাঁর মেয়ে ফাহিমা জান্নাত ও একই এলাকার সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিবেশী নুরুল কাদেরের পরিবারের বিরোধ হয়। একপর্যায়ে ইউসুফ আলীকে দুই দফায় মারধর এবং পাকা সড়কের ওপর আছাড় দেওয়ার অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের আরও তিন সদস্য আহত হন।

গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় একই পরিবারের পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার লেমশিখালী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি