কক্সবাজার জেলা

পেকুয়ায় পুলিশের চেকপোস্টে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে মোটরসাইকেলে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন ২১ বছর বয়সী মোহাম্মদ নোমান। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন তিনি। এ সময় তাঁর কাছ থেকে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী গ্রামের পেকুয়া-বাঁশখালী সড়কের উঁচু ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ নোমান (২১) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈধ্যছড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের হিমছড়ি এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার রাত্রিকালীন ‘মোবাইল-০৮’ টিমের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মাহমুদ মঈন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেল থেকে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালক নোমানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি