বিজ্ঞান ও প্রযুক্তি

এআই ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে: বিল গেটস

নিয়ন্ত্রণহীন এআইয়ে মৃত্যুর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির যথাযথ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা না গেলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, অসৎ উদ্দেশ্যে অত্যাধুনিক এআই ব্যবহৃত হলে এমন ঘটনাও ঘটতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে পড়লে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে এআইয়ের নিরাপত্তা ও নজরদারির কাঠামো তৈরিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গেটসের মতে, এ ধরনের নিয়ন্ত্রণ প্রযুক্তি শিল্পের ওপর কিছুটা বাড়তি চাপ তৈরি করতে পারে। তবে এতে এআই প্রযুক্তির উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না।

গেটসের এই সতর্কবার্তার কয়েক দিন আগে যুক্তরাজ্যের অ্যালান টুরিং ইনস্টিটিউটের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে আগামী পাঁচ বছরের মধ্যে ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বাস্তবসম্মত ঝুঁকির কথা তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতের উন্নত এআই প্রায় সব গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এমন ব্যবস্থা যদি এমন কৌশল তৈরি করতে সক্ষম হয়, যা মানুষ বা প্রতিষ্ঠান যথাযথভাবে বুঝতে ও মূল্যায়ন করতে পারে না, তাহলে এআইয়ের ওপর কার্যকর মানব নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়তে পারে।

এতে এআই ব্যবহারের মাধ্যমে সম্ভাব্য রাসায়নিক ও জৈবিক হুমকির পাশাপাশি তথ্যব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাবের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে এর আগেও প্রযুক্তি খাতের একাধিক বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই অত্যাধুনিক এআই উন্নয়নে নিরাপত্তামূলক ব্যবস্থা, তৃতীয় পক্ষের মূল্যায়ন এবং অভিন্ন নিরাপত্তা মানদণ্ডের পক্ষে মত দিয়েছেন।

অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন এবং প্রতিষ্ঠানটির অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হুবারিঙ্গও অত্যন্ত সক্ষম এআই ব্যবস্থা থেকে মানবজাতির জন্য গুরুতর ঝুঁকি তৈরির আশঙ্কার কথা জানিয়েছেন।

ক্যাটাগরি