সারা দেশ

দেশে যৌথ অভিযান পরিচালনার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে এসব কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, যথাযথ বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ধরন অনুযায়ী ফৌজদারি মামলাও করা হচ্ছে।

ডিসেম্বর মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।’

আনসার ও ভিডিপির নিজস্ব সদর দপ্তর নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩.৪২৮ একর জমি বরাদ্দ পাওয়া গেছে। সেখানে আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে।

নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার বাহিনীকে দেশের বৃহত্তম বাহিনী হিসেবে উল্লেখ করে এর বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাহিনীর আর্থিকসহ পর্যায়ক্রমিক দাবিদাওয়া পূরণের আশ্বাস দেন তিনি।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার চালু হয়েছে। সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যানজট কমাতে পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি