জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন রয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি এবং তাদের মর্যাদা ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। বাংলাদেশেও অন্যান্য দেশের মতো দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।

ক্যাটাগরি