রেজুখাল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল চালক আটক
কক্সবাজারে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামে এক মোটরসাইকেল চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটনফোন জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ৩৪ বিজিবির অধীনস্থ রেজুখাল চেকপোস্টে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেলটির চালক মো. ওমরকে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাঁর শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সিজার মূল্য ৩১ লাখ ৭০ হাজার টাকা।