টেলিগ্রাম নিউজের অফিস পুড়াতে গিয়ে কপাল পুড়লো ছাত্রদল নেতার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রামু সরকারি কলেজ শাখার সহসভাপতি মোর্শেদুল হককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ছাত্রদলের কক্সবাজার জেলা শাখা এ বহিষ্কারাদেশ দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোর্শেদুল হককে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মোর্শেদুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘টেলিগ্রাম নিউজ’ নামের একটি সংবাদমাধ্যম ও এর কার্যালয় প্রথম আলোর মতো পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। পোস্টটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরই জেলা ছাত্রদল তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।