কক্সবাজারে ৮৫ মামলার ২৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদকদ্রব্য ধ্বংস
কক্সবাজারে ৮৫টি বিভিন্ন মামলায় জব্দ করা ২৬ লাখ ৬৬ হাজার ৪৩১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৮০ কোটি ৩ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ২টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির মাদকদ্রব্য ধ্বংস কমিটির উদ্যোগে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৬ লাখ ৬৬ হাজার ৪৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৬২ লিটার ৫০০ গ্রাম দেশীয় তৈরি চোলাই মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪৩৬ ক্যান বা বোতল বিয়ার ও বিদেশি মদ।
মাদকদ্রব্য ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
বিভিন্ন মামলায় জব্দ করা এসব মাদকদ্রব্য সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির পর আদালতের নির্দেশনা ও বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।