কক্সবাজার জেলা

১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল

কক্সবাজার সমুদ্রসৈকত ও তৎসংলগ্ন পর্যটন এলাকায় গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জেলা প্রশাসন। আগামী ১৮ নভেম্বরের পর সৈকত এলাকায় কোনো গবাদি পশু বিচরণ করতে দেখা গেলে তা আটক করে নিলামে বিক্রি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকত এলাকায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার অবাধ বিচরণ লক্ষ করা যাচ্ছে।

গবাদি পশুর মালিকদের অসচেতনতার কারণে সৈকতের বালিয়াড়িতে এসব পশু যত্রতত্র মলমূত্র ত্যাগ করছে। এতে সৈকতের পরিবেশ দূষিত হচ্ছে। জেলা প্রশাসনের চিঠিতে এ ধরনের কর্মকাণ্ডকে পরিবেশ সংরক্ষণ বিধানাবলি ও প্রচলিত আইনের লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সৈকতের নিরাপত্তা ও পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে পুরো সৈকত এলাকায় মাইকিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েমের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৮ নভেম্বরের পর সৈকত ও সংলগ্ন এলাকায় কোনো গবাদি পশু পাওয়া গেলে তা আটক করে তাৎক্ষণিক নিলামের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি