বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ম্রো সম্প্রদায়ের দুই যুবকসহ আটক ৮ বাংলাদেশি
বান্দরবানের বাংলাদেশ-মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্তের ত্রিদেশীয় শূন্যরেখা এলাকা থেকে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকসহ আট বাংলাদেশিকে আটক করেছে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবি। সন্দেহজনকভাবে ওই এলাকায় অবস্থানের কারণে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় সীমান্তের ৬৩/৬৪ নম্বর পিলারসংলগ্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে ছয়জনের একটি দল থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যায়। পরে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে সীমান্তের শূন্যরেখা এলাকায় প্রবেশ করে। খবর পেয়ে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির সদস্যরা ৬৩/৬৪ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যান।
এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তবে কী কারণে তাঁরা ওই সীমান্ত এলাকায় গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।
বিজিবির এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।