উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ, চালক আটক
কক্সবাজারের উখিয়ায় হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে ৬৪ বিজিবি। এ সময় সিএনজিচালক মো. নুরু রহিম (২৫)কে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
আটক নুরু রহিম উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১১ ব্লকের বাসিন্দা। তিনি মো. কবির আহমেদের ছেলে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় সিএনজির পেছনের অংশে একটি সন্দেহজনক চেম্বার দেখতে পান তাঁরা। পরে সেটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন তিনি।