মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফের পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, উদ্ধার ৭ ভিকটিম

ছবি: সংগৃহিত

টেকনাফের গহিন পাহাড়ে কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই অভিযানে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি অবস্থায় থাকা নারী, পুরুষ ও শিশুসহ মোট সাতজনকে জীবিত উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়ার আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) ও বড় ডেইল এলাকার হেলাল উদ্দীন (৩০)। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে রয়েছেন তসলিমা (২৫), মো. সোহাইল (৪), হোসেনা বিবি (৫), হাসনা (১৮), শাহিদা (১৯), বশির আহমেদ (২৬) এবং উখিয়ার জালিয়াপালং এলাকার নুর মোহাম্মদ (৪০)।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড স্টেশন টেকনাফের কেরনতলীতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড়ে বন্দি থাকা ভিকটিমদের উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচারচক্র তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে পাহাড়ে আটকে রেখেছিল। পাশাপাশি ভয়-ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল।

কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত ভিকটিম, জব্দকৃত অস্ত্র ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ক্যাটাগরি