আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি : এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছে এবং এই বাস্তবতা স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, কয়েক বছর আগে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, যা বর্তমানে ৭ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে। সমস্যার মূল কারণ হলো জিডিপির সব খাত থেকে পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ না করা।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ উপস্থাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার, অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার সহ আরও উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট অর্থনীতিবিদ।
চেয়ারম্যান জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই এনবিআর দুই ভাগ হয়ে দু’জন সচিবের নেতৃত্বে কাজ শুরু করবে। সেমিনারে উপস্থিত সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কার ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে রাজস্ব আদায় বাড়াতে না পারলে বাংলাদেশ গুরুতর ঋণের ফাঁদে পড়তে পারে। তিনি আরও বলেন, বর্তমান বাজেটে ব্যয়ের প্রধান খাত সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন, এরপর কৃষি ও শিক্ষা; কিন্তু ঋণের সুদ পরিশোধ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের সংযুক্তির প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। ডিপোজিট গ্যারান্টি ১ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ২ লাখ করা হয়েছে। এক-দুই সপ্তাহের মধ্যে আমানতকারীদের মধ্যে অর্থ বিতরণ শুরু হতে পারে। এই উদ্যোগের ফলে পাঁচ ব্যাংকের গ্রাহকসহ ৭৬ লাখ পরিবার আমানত ফেরত পাবেন এবং নতুন ব্যাংক প্রথম বা দ্বিতীয় বছরেই মুনাফার মুখ দেখতে পারবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।