টেকনাফে বন্ধুত্বের সুযোগে অপহরণের পর মালয়েশিয়া পাচারচেষ্টা, ৯৯৯–এ কল পেয়ে পুলিশে উদ্ধার
বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবককে অপহরণ করে তাকে মালয়েশিয়া পাচারের চেষ্টা করেছিল একটি মানবপাচারকারী চক্র। স্থানীয়দের ৯৯৯–এ ফোনকলের পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে জাহাজপুরা এলাকার ছৈয়দ হোসেনের ছেলে এহেসান উল্লাহ (২০)–কে একই এলাকার যুবক আবছার (২৫) ‘বের হতে’ বলার অজুহাতে মোবাইলে ডেকে নেয়। পরে তাকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় নিয়ে গিয়ে একটি মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।
এহেসান জানান, পাচারকারীরা তাকে পাহাড়ি এলাকায় আটকে রাখে। একপর্যায়ে কৌশলে পালিয়ে রাস্তায় উঠলেও পুনরায় তাকে ধরে নিয়ে যায় পাচারকারীরা।
১১ ডিসেম্বর সকালে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ৯৯৯–এ কল করলে টেকনাফ মডেল থানার পুলিশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত অভিযান চালায়। পুলিশের তৎপরতায় পাচারকারী চক্র চাপ অনুভব করলে এহেসানকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেয়।
পুলিশ জানায়, অপহরণ ও পাচারচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি; দ্রুতই তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে ভিকটিমের পরিবার জানিয়েছে, দারিদ্র্যের কারণে তারা মামলা করতে পারছেন না। একই সঙ্গে স্থানীয় সূত্র বলছে, অভিযুক্ত আবছারের পরিবার প্রভাবশালী হওয়ায় এহেসানের বাবা ছৈয়দ হোসেন ভয়ে মামলা করতে দ্বিধায় রয়েছেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ভিকটিমকে আমরা উদ্ধার করতে পেরেছি। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”