বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন

পর্যটক স্রোতে মুখরিত হবে কক্সবাজার: আগামী ১০ দিনে আসছে ৫ লাখের বেশি পর্যটক

ছবি: কক্সবাজার সংবাদ

পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখরিত। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পরিবারের সঙ্গে বন্ধুবান্ধবরা বালুকাবেলায় উপভোগ করছেন অবকাশ।

পাবনা জেলার ঈশ্বরদী থেকে আসা পর্যটক আলিমুর রহমান বলেন, কক্সবাজারের সৌন্দর্য বরাবরই উপভোগ্য। শীতকালে সমুদ্র তীর আরও নান্দনিক হয়ে ওঠে। পরিবার নিয়ে সকালেই এসেছি, তিন দিন থাকবো।

কিছু পর্যটক হোটেলের অতিরিক্ত খরচে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। গাজীপুর থেকে আসা সাজ্জাদ হোসেন বলেন, আমরা আট বন্ধু এসেছি। প্রতি রুম চার হাজার টাকা চাওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত ভাড়া দাবি করা হলো। প্রশাসনের নজর থাকা উচিত।

শহরের ৫ শতাধিক হোটেল-মোটেলের অধিকাংশ রুম ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, বছরের শেষ দশ দিনে প্রায় ৫ লক্ষ পর্যটক সমাগম ঘটতে পারে।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, প্রতিদিন প্রায় দেড় লক্ষাধিক পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে আরও চাপ থাকবে। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন মাঠে রয়েছে, আমরা তাদের সহযোগিতা করছি।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,পর্যটকদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। অভিযোগ পেলেই তা গুরুত্বের সঙ্গে সমাধান করা হবে। হেল্পলাইন ০১৩২০১৬০০০০-এ যোগাযোগ করলে সহায়তা পাওয়া যাবে।

কক্সবাজারের সমুদ্র সৈকত এখন পর্যটকদের আনন্দ ও জীবনের রঙে মুখরিত।

ক্যাটাগরি