শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় আগুনে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহিত

ভোরের আলো ফোটার কথা ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা কাদেরিয়া পাড়ার ছোট্ট পল্লিটিতে। কিন্তু বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে সেই আলো ঢেকে যায় কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায়। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় একের পর এক বসতঘর, আর আতঙ্ক ও হাহাকারের মাঝে নিভে যায় দাদি ও তার আদরের নাতনির প্রাণ।

নিহত ৫৫ বছর বয়সি রুমি আকতার ছিলেন পরিবারের অভিভাবকের মতো,সংসারের সব দায়ভার সামলে তিনি আগলে রাখতেন সবাইকে। আর তার পাঁচ বছরের নাতনি জান্নাত আকতার ছিল পরিবারের হাসি ও প্রাণচাঞ্চল্যের উৎস। ভয়াল আগুনের থাবা থেকে শেষ পর্যন্ত কেউই রক্ষা পাননি। দাদির আঁচলে জড়িয়ে থাকা শিশুটি যেন শেষ মুহূর্ত পর্যন্ত নিরাপত্তা খুঁজেছে, কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়েছে দুজনকেই।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার খবর পেয়ে সবাই ছুটে এলেও আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। চোখের পলকে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। যারা কোনোমতে বের হতে পেরেছেন, তারা কেবল প্রাণটাই বাঁচাতে পেরেছেন,হারিয়েছেন জীবনের সব সঞ্চয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দাদি ও নাতনিসহ দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতির হিসাব কেবল টাকায় মাপা যায় না,হারিয়ে গেছে দুটি প্রাণ, নিভে গেছে শিশুর হাসি, ভেঙে পড়েছে অনেক স্বপ্ন।

ঘটনার পর থেকে পুরো পাড়াটিতে নেমে এসেছে শোকের নীরবতা। আগুন নিভে গেলেও রেখে গেছে দীর্ঘশ্বাস আর না ফুরানো বেদনা,যা হয়তো দীর্ঘদিন দগদগে হয়ে থাকবে এলাকাবাসীর হৃদয়ে।

ক্যাটাগরি