বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত তাহসানের

রোজা আহমেদ ও তাহসান খান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে ঘিরে শুভেচ্ছার জোয়ারও দেখা যায়। তবে সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো দুঃসংবাদ—তাহসান ও রোজার সংসার ভাঙনের পথে।

সম্প্রতি শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিয়ের কয়েক মাস পর থেকেই দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং তারা আলাদা থাকছেন। নানা আলোচনা-সমালোচনার পর এবার নিজেই বিষয়টি নিশ্চিত করলেন তাহসান।

গণমাধ্যমকে তিনি বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।” তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর ছড়ানোয় সত্যটা জানানো প্রয়োজন হয়ে পড়ে। সে কারণেই তিনি স্পষ্ট করে বলেন, এখন তারা একসঙ্গে থাকছেন না।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে।

হঠাৎ বিয়ের ঘোষণার মতোই হঠাৎ বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও কৌতূহল। এখন সবার অপেক্ষা—ঠিক কী কারণে এই সম্পর্ক ভেঙে পড়ল, সে বিষয়ে তাহসানের বিস্তারিত বক্তব্যের।

ক্যাটাগরি