রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি বানাচ্ছে ভারত

ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। দেশের প্রতিরক্ষা সূত্রে খবর, এই উদ্যোগ মূলত বাংলাদেশ ও চীনকে নজরে রেখে নেওয়া হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে চীনা নৌ-তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ঘাঁটিতে বড় ধরনের সৈন্যবাহিনী, প্রযুক্তি বা যুদ্ধাস্ত্র মোতায়েন করা হবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে কাজ করবে যেখানে মূলত ছোট যুদ্ধজাহাজ থাকবে এবং আনুমানিক ১০০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করবেন। পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার হিসেবে এটি কার্যকর হবে না।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, নতুন ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট ও নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটসহ ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এছাড়া CRN-91 গান এবং নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতাসম্পন্ন অস্ত্র থাকবে, যা নজরদারি ও আঘাত হানার ক্ষমতা বৃদ্ধি করবে। তবে জেটি নির্মাণের কাজ এখনও শুরু হয়নি।

নৌবাহিনী বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সকেও কাজে লাগাবে, যার ফলে অতিরিক্ত অবকাঠামো তৈরি ছাড়াই ঘাঁটিটি দ্রুত কার্যকর করা সম্ভব হবে। প্রাথমিক কাজের মধ্যে থাকবে নির্দিষ্ট একটি জেটি এবং তীরভিত্তিক সহায়ক পরিকাঠামো নির্মাণ। হলদিয়া কলকাতা থেকে প্রায় ১০০ কিমি দূরে এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে পিপলস লিবারেশন আর্মি নেভির বাড়তে থাকা চলাচল, সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ এবং সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশের ঘটনা। তারা মনে করছেন, সমুদ্রপথ সুরক্ষিত রাখা, আঞ্চলিক পরিস্থিতির ওপর নজরদারি এবং ভারতের নিরাপত্তা প্রদানকারী ভূমিকা শক্তিশালী করতে এই ধরনের নৌ মোতায়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখনও পর্যন্ত ঘাঁটির নাম নির্ধারণ করা হয়নি এবং বিষয়টি নিয়ে ভারতের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

ক্যাটাগরি