শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা বলছে ইরানি দূতাবাস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেশত্যাগের সাম্প্রতিক গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। তারা স্পষ্ট করে জানিয়েছে, খামেনি দেশ ছাড়বেন না এবং এ ধরনের খবর উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল, পরিস্থিতি আরও অবনতি হলে খামেনি তার পরিবারসহ দেশত্যাগ করতে পারেন। এমনকি রাশিয়ার রাজধানী মস্কোকে সম্ভাব্য গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়। তবে দূতাবাস এসব দাবি সরাসরি নাকচ করেছে এবং বলেছে, অতীতে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময়ও খামেনি দেশ ছাড়েননি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিভিন্ন শহরে মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটেই এই গুজব ছড়ানো হয়েছে। অন্যদিকে, সরকারের প্রতি সমর্থন জানাতে কেরমানসহ বিভিন্ন শহরে সমাবেশ হয়েছে, যেখানে হাজারো মানুষ খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

কেরমানের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি জানিয়েছেন, খামেনি ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় যুক্ত রয়েছেন। তিনি গণমাধ্যমকে যাচাই ছাড়া এ ধরনের গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন।

ক্যাটাগরি