শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

মাচাদো ‘অসাধারণ নারী’: ট্রাম্প

-ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তাকে ‘অসাধারণ নারী’ বলে উল্লেখ করেন তিনি। খবর এএফপির।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি নিজের পাওয়া শান্তিতে নোবেল পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন। পদকটি গ্রহণ করে ট্রাম্প মাচাদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সাহস ও সংগ্রামের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, “আমি যে কাজ করেছি, তার জন্য তিনি তার শান্তির নোবেল পদক আমাকে উপহার দিয়েছেন।” পরে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “তিনি একজন অসাধারণ নারী, যিনি অনেক ত্যাগ ও কষ্ট সহ্য করে এসেছেন।” একই সঙ্গে মাচাদোর এই উপহারকে তিনি ‘পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য উদাহরণ’ বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মারিয়া কোরিনা মাচাদো। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প নিজেও বহুবার প্রকাশ্যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। গত বছর মাচাদো নোবেল পুরস্কার পাওয়ায় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরে মাচাদো জানান, তিনি তার নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান।

তবে নোবেল কমিটি স্পষ্টভাবে জানিয়ে দেয়, একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা বাতিল, ভাগ বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। কেবল প্রতীকীভাবে পদক অন্য কাউকে উপহার দেওয়া যেতে পারে, কিন্তু নোবেল বিজয়ীর মর্যাদা পরিবর্তন বা ভাগ করা সম্ভব নয়।

এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা এবং মাচাদোর রাজনৈতিক অবস্থান নিয়ে।

ক্যাটাগরি