ইরানের সরকার পতনের দ্বারপ্রান্তে : পানাহি
ইরানে চলমান সহিংস আন্দোলনের মুখে দেশটির শাসকগোষ্ঠী আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বর্ণপাম জয়ী খ্যাতনামা ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। তিনি বলেছেন, তেহরানের নেতারা যতই দমন-পীড়ন চালাক না কেন, বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার (১৬ জানুয়ারি) পানাহি বলেন, বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে সরকার শতভাগ পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এখান থেকে তাদের ফিরে আসা আর সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিচ্ছে এবং ব্যাপক সহিংস অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের আন্দোলনের ব্যাপকতা এতটাই বিস্তৃত যে দমন-পীড়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের পক্ষে আর সম্ভব নয় বলে মনে করেন তিনি।
পানাহি বলেন, তেহরানে কার্যত গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু আমরা কখনো ভাবিনি পরিস্থিতি এত ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে। এই সরকার ব্যবস্থার পতন অবশ্যম্ভাবী।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের ফলে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাফর পানাহিকে সম্প্রতি এক বছরের কারাদণ্ড দেন ইরানের আদালত। পাশাপাশি তাকে দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয় এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট মহল এই রায়ের নিন্দা জানিয়েছে। তাদের মতে, মতপ্রকাশের স্বাধীনতা দমনের অংশ হিসেবেই পানাহির বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আন্দোলন আরও বিস্তৃত হলে দেশটিতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা।