সমগ্র বাংলাদেশের নোটারী পাবলিক হিসেবে নিয়োগ পেলেন এড. সাঈদ হোসাইন
বার্তা পরিবেশক : সমগ্র বাংলাদেশের জন্য নোটারী পাবলিক হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট সাঈদ হোসাইন। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগ চূড়ান্ত করা হয়।
এড. সাঈদ হোসাইন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একজন সুপরিচিত ও সুনামধন্য সদস্য। দীর্ঘদিন ধরে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন। আদালত অঙ্গনে তার পেশাগত আচরণ ও আইনি জ্ঞান সহকর্মী ও বিচারপ্রার্থীদের কাছে প্রশংসিত।
তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কৃতি সন্তান। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
নোটারী পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার ফলে এড. সাঈদ হোসাইন এখন সারা দেশে বিভিন্ন আইনি দলিল, হলফনামা, ঘোষণাপত্র, চুক্তিপত্র ও নথিপত্র নোটারাইজ করার আইনগত ক্ষমতা লাভ করলেন। এটি আইন পেশায় তার অভিজ্ঞতা ও যোগ্যতার রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এড. সাঈদ হোসাইন বলেন, “রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও আমি অঙ্গীকারবদ্ধ।”
তার এই নিয়োগে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি, সহকর্মী আইনজীবী, শুভানুধ্যায়ী এবং মহেশখালীর বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। অনেকেই মনে করছেন, এ নিয়োগ কক্সবাজারের আইন অঙ্গনের জন্য একটি সম্মানজনক অর্জন।