বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সবার কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে ১৯৬৪ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, যেখানে তাঁর নায়িকা ছিলেন শাবানা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং নব্বইয়ের দশক পর্যন্ত সফলভাবে চলচ্চিত্রে সক্রিয় ছিলেন।

ইলিয়াস জাভেদের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’।

বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ক্যাটাগরি