শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং সম্প্রতি জানিয়েছেন, তিনি আর প্লেব্যাক গান করবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গায়কের হঠাৎ প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে।

গানের ক্যারিয়ারে সিনেমায় গেয়েই খ্যাতির চূড়ায় পৌঁছান অরিজিৎ। মাত্র ৪০ বছর বয়সেই বড় পর্দার জন্য গান করা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তিনি নিজেই জানিয়েছেন, সংগীতের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে এবং নিয়মিত সংগীতশিল্পী হিসেবেই কাজ করবেন, কেবল সিনেমার জন্য আর গান গাইবেন না।

গায়কের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। দীর্ঘদিন ধরেই তিনি ভিন্ন পথে এগোনোর পরিকল্পনা করছিলেন। অরিজিতের ঘনিষ্ঠ পরিচালক অনুরাগ বসু বলেন, এই সিদ্ধান্তে তিনি মোটেও অবাক নন। তার ভাষায়, অরিজিৎ গান ছাড়াও জীবনে আরও অনেক কিছু করতে চায় এবং চলচ্চিত্র নির্মাণ নিয়ে তার প্রবল আগ্রহ রয়েছে। এমনকি ‘বারফি’ সিনেমার সময় অরিজিৎ সহকারী পরিচালক হিসেবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছিলেন।

অনুরাগ বসু আরও জানান, অরিজিৎ একটি স্কুল খুলতে চান এবং শিশুদের সঙ্গে সময় কাটাতে চান। তার অনেক সামাজিক ও সৃজনশীল পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে তার ভিন্ন দিক তুলে ধরবে।

বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, অরিজিৎ সিং ইতোমধ্যে একজন পরিচালক হিসেবে তার প্রথম হিন্দি ছবির কাজ শুরু করেছেন। জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। বর্তমানে শান্তিনিকেতনে ছবিটির শুটিং চলছে। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে সংগীত পরিচালক সুলেমান বলেন, চলচ্চিত্র নির্মাণ অরিজিতের বহুদিনের স্বপ্ন এবং এখন তিনি সেটাতেই পুরো মনোযোগ দিতে চান। তিনি অরিজিতের সিদ্ধান্তকে সম্মান করেন বলেও জানান।

পারিবারিক বন্ধু অনিলাভ চট্টোপাধ্যায় জানান, বর্তমানে অরিজিৎ একটি হিন্দি ও একটি বাংলা ছবির কাজে ব্যস্ত, যেগুলোর শুটিং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চলছে।

জানা গেছে, সিনেমার প্রতি অরিজিতের গভীর আগ্রহের পেছনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বড় প্রভাব ফেলেছে। উল্লেখ্য, অরিজিৎ সিং তার ক্যারিয়ারে দুইবার জাতীয় পুরস্কার এবং আটবার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন।

ক্যাটাগরি