‘আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’ জামায়াত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি কোনো আদিপত্যবাদ কিংবা ফ্যাসিবাদ দেখতে চান না এবং দুর্নীতিগ্রস্ত সরকারও দেশবাসীর কাম্য নয়। তার প্রত্যাশা একটি মানবিক বাংলাদেশ, যেখানে ন্যায়, ইনসাফ ও মানুষের মর্যাদা নিশ্চিত হবে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে শত নির্যাতন ও দমন-পীড়নের শিকার হলেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশ ছেড়ে যায়নি। তারা মজলুম ছিল, মজলুমের কষ্ট বোঝে বলেই কখনো জালিম হওয়ার চিন্তা করে না। তিনি বলেন, “আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো।”
মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, কোনো ভয় বা ভীতির কাছে মাথা নত না করে ন্যায়ের পক্ষে ভোট দিতে হবে। জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে যারা ভয় দেখাতে চায়, তাদের রুখে দেওয়ার আহ্বান জানান।
যুব সমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, যুবকদের হাতে বেকার ভাতা নয়, বরং কর্মসংস্থানের মাধ্যমে দেশ গড়ার কারিগরে পরিণত করা হবে। যুবকদের সম্মানজনক অবস্থানে বসাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, এ দেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। পাশাপাশি বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন।
জনসমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মাওলানা আবদুল হালিম, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।