বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে : ড. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী নতুন একটি বাংলাদেশ পাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১২টার পর তিনি সমাবেশস্থলে পৌঁছে বক্তব্য দেন। এর আগে সকালে তিনি মহেশখালীতে অনুষ্ঠিত আরেকটি জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ড. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা হবে—এই মতবাদে আমরা বিশ্বাস করি না। এদেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’ তিনি জানান, জামায়াতে ইসলামীর রাজনীতি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ তারিখ আমরা নিজেরা “হ্যাঁ” ভোট দেব এবং দেশের জনগণকে “হ্যাঁ” ভোট দিতে উদ্বুদ্ধ করবো। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।’ কক্সবাজারকে একটি সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই এলাকা দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে।
জামায়াত আমির আরও বলেন, ‘আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাফ হবে না, ইনশাআল্লাহ।’ তিনি যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা প্রস্তুত হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’
নির্বাচনকে জাতির দিক পরিবর্তনের নির্বাচন উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।’
এর আগে মহেশখালীর জনসভায় তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এদেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলেই সেটিই হবে প্রকৃত বিজয়।’
সোমবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কক্সবাজার শহরের জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জনসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, জাগপা’র কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. সিগবাতুল্লাহ সিফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে জামায়াত আমির চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দিতে রওনা হন।