টেকনাফে সিমেন্ট বোঝাই ট্রলারসহ ১০ পাচারকারী আটক
মিয়ানমারে পাচারের চেষ্টা চলাকালে টেকনাফ সংলগ্ন সমুদ্র থেকে সিমেন্ট বোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই অভিযানে ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এই সময় প্রায় তিন লাখ ৮৫ হাজার টাকার ৭০০ বস্তা সিমেন্ট, পাচারের কাজে ব্যবহৃত ট্রলার এবং ১০ জনকে আটক করা হয়।
আটককৃত সিমেন্ট, ট্রলার ও ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।