আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন
আজ ৭ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে রোজ ডে। এই দিনের মধ্য দিয়েই শুরু হয় বহুল প্রতীক্ষিত প্রেমসপ্তাহ। ভালোবাসার প্রতীক হিসেবে প্রিয় মানুষকে গোলাপ উপহার দিয়ে প্রেমিক-প্রেমিকারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন রোজ ডেতে। ফেব্রুয়ারি মাস এলেই চারপাশে ছড়িয়ে পড়ে ভালোবাসার আবহ, রোমান্টিকতা আর আবেগের বিশেষ ছোঁয়া।
প্রেমসপ্তাহের প্রতিটি দিনই আলাদা অর্থ ও বার্তা বহন করে। রোজ ডে দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে পালিত হয় প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে ও কিস ডে। এসব দিন প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করে তোলে। একে অপরের প্রতি ভালোবাসা, যত্ন ও বিশ্বাস প্রকাশের সুযোগ তৈরি করে এই বিশেষ দিনগুলো।
প্রেমসপ্তাহের শেষ ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হলো ১৪ ফেব্রুয়ারি, শনিবার—ভ্যালেন্টাইন্স ডে। এদিন শুধু প্রেমিক-প্রেমিকারাই নয়, ভালোবাসা উদযাপনে অংশ নেয় বিশ্বজুড়ে অসংখ্য মানুষ। কেউ উপহার দিয়ে, কেউ সময় কাটিয়ে, আবার কেউ নিজের অনুভূতি প্রকাশ করে প্রিয়জনের কাছে ভালোবাসার কথা জানায়।
শুধু প্রেমসপ্তাহ নয়, পুরো ফেব্রুয়ারি মাসজুড়েই ভালোবাসার আলাদা আবেদন থাকে। তাই এই মাসটি প্রেমিক-প্রেমিকাদের কাছে বিশেষভাবে প্রিয়। ভালোবাসার রঙে রাঙা ফেব্রুয়ারি আবারও ফিরিয়ে আনে সম্পর্কের উষ্ণতা, আবেগ আর নতুন করে কাছে আসার অনুভূতি।