বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় ১৫০০ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা অন্তত এক হাজার ৫০০ রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও অপব্যবহারের আশঙ্কায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান শুরু হয়। অভিযান চলমান থাকায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন যৌথ বাহিনীর এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট ক্যাম্প এলাকা নির্ধারিত থাকলেও অনেকেই নিয়ম ভেঙে ক্যাম্পের বাইরে বাঙালিদের জমি দখল করে বসবাস করছে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে এসব রোহিঙ্গাকে কোনো মহল দ্বারা ব্যবহার করা হতে পারে—এমন আশঙ্কা থেকেই অভিযান জোরদার করা হয়েছে।

আটক রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে সাময়িকভাবে জড়ো করা হচ্ছে। পরবর্তীতে জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।

যৌথ বাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, “এখনই কাউকে ক্যাম্পে পাঠানো হচ্ছে না। আগে সবাইকে আটক করে অনুসন্ধান করা হবে—তারা কেন ক্যাম্প ছেড়ে বাইরে এসেছে এবং নির্বাচনকে সামনে রেখে তাদের কোনোভাবে ব্যবহার করা হচ্ছে কি না। সবকিছু যাচাই শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। অভিযান চলাকালে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: বিবিসি

ক্যাটাগরি