সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসীর মধ্যে গভীর বেদনা বিরাজ করছে।

জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া–টেকনাফ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন। তারা নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই ঘটনার ন্যায়বিচার ও সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা আফনান। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শিশুটি মৃত্যুবরণ করে।

শিশুটির মর্মান্তিক মৃত্যু সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা সীমান্তে নিরস্ত্র মানুষের জানমাল রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি