বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

ঝিলংজা ইউনিয়নের ঘৃতপল্লী এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ঘৃতপল্লী এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সুকমার সরকার, ওমেশ সরকার ও বিশ্বজিৎ সেনের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও ভস্মীভূত হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।

ক্যাটাগরি