বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে কক্সবাজারে সেনাবাহিনীর শক্ত অবস্থান-নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান

জাতীয় নির্বাচনে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গাদের ব্যবহার করে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি যেন না হয়, সে লক্ষ্যে ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে যাতায়ত বন্ধ রাখা হয়েছে এবং তাদের গতিবিধি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্ণেল তানভীর আহমেদ। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো ধরনের উদ্ভট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি রোধে কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, কক্সবাজারের চারটি সংসদীয় আসনের দুর্গম ভোটকেন্দ্রগুলোতেও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে অনিয়ম বা সংঘাতের সৃষ্টি হলে সেনাবাহিনী পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে। নির্বাচনে কোনো অশুভ শক্তিকে সহিংসতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

লেফটেন্যান্ট কর্ণেল তানভীর আহমেদ বলেন, এসব ব্যবস্থার ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মতবিনিময় সভার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্ণেল সুতফা জামান সাম্প্রতিক অভিযানের চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী মোট ৪৬টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং আলোচিত হত্যা মামলার আসামিসহ ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১ হাজার ১৪৯ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্যাটাগরি