কক্সবাজার-৩ আসনের এমপি প্রার্থী জগদীশ বড়ুয়ার প্রার্থিতায় লেবার পার্টির সমর্থন প্রত্যাহার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (আসন নং-২৯৬) নির্বাচনী এলাকায় বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী জগদীশ বড়ুয়ার প্রতি দলের সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান স্বাক্ষরিত এক অফিসিয়াল নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে উক্ত প্রার্থীর প্রতি দলের সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জগদীশ বড়ুয়া যেন বাংলাদেশ লেবার পার্টির নাম, প্রতীক, পরিচয় অথবা দলীয় অনুমোদনের ভিত্তিতে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা, এজেন্ট নিয়োগ বা ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে না পারেন—সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।