স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা
চকরিয়া পৌর এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমান দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর নাম ভাঙিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেন নোমান। তিনি কিছমত আলী পাড়া এলাকার মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে।
সংবাদ সম্মেলনে নোমান অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিন তার প্রভাব দেখিয়ে ফাঁসিয়াখালীর গাবতলি বাজারে তার মালিকানাধীন ‘ইত্যাদি স্টোর’ নামের দোকানে দলবল নিয়ে হামলা চালিয়ে তালা লাগিয়ে দেন স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম। তিনি নফাঁসিয়াখালীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক বলে দাবি করেন নোমান।
নোমান আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় নুরুল ইসলামের নিকটাত্মীয় হেলাল উদ্দিন হেলালী ইউপি চেয়ারম্যান হওয়ার পরও তার দোকানে হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় মামলা করা হলে বিবাদীরা কারাগারে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নুরুল ইসলামের স্ত্রীর বড় ভাই, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার সিরাজ উদ্দিন আহমেদের মধ্যস্থতায় আপোষ হয়। নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ভবিষ্যতে দোকান নিয়ে কোনো ঝামেলা করবেন না মর্মে অঙ্গীকারনামাও দেন নুরুল ইসলাম বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, সেই অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় দোকান দখলের চেষ্টা চলছে এবং বিভিন্ন সময় তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তিনি বলেন, টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন—চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান চান তিনি।
অভিযুক্ত নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা আমার দোকান, আমি নিয়ন্ত্রণে নিয়েছি। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
উল্লেখ্য, চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমদ। কর্মদিবসের প্রথম দিন বাংলাদেশ সচিবালয়–এ সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশে মব কালচারের দিন শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা হবে না।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।