মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

৩৬ দিন সাগরে ভেসে শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করলো মহেশখালীর মাঝিমাল্লারা

টানা ৩৬ দিন সমুদ্রে ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল জেলে। উদ্ধার হওয়া দুজন সম্পর্কে স্থানীয় জেলেদের দাবি, তারা বাবা ও ছেলে।
উদ্ধারকারী জেলেদের ভাষ্য, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর ভাসমান অবস্থায় ওই দুই জেলেকে দেখতে পান তারা। পরে তাদের নিজেদের মাছ ধরার নৌকায় তুলে নিরাপদে নিয়ে আসেন।
জেলেরা জানান, উদ্ধার হওয়া দুই ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন যে, ভেসে থাকার পুরো ৩৬ দিন তারা একটি বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়েই বেঁচে ছিলেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্যেও এভাবেই তারা জীবন রক্ষা করেন বলে দাবি করেছেন।
এদিকে উদ্ধার হওয়া দুই জেলের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী জেলেরা। পরিবারের পক্ষ থেকেও তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
তবে উদ্ধার হওয়া দুই জেলের পরিচয়, তারা সত্যিই বাবা-ছেলে কিনা এবং ৩৬ দিন ভেসে থাকার ঘটনাসহ অন্যান্য তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।
উদ্ধারকারী জেলেদের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।

ক্যাটাগরি