বিয়ে করলেন বিজয়-রাশমিকা, হলো রাজকীয় আয়োজন
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পরিবারিক সূত্রে জানা গেছে, সকালে সকাল ১০টা ১০ মিনিটে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে সাতপাক ঘুরে তারা দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিয়ের আগে অনুষ্ঠিত গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে ছিল তারার মেলা। অতিথিরা নাচে অংশ নেন এবং ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ ও ‘পুষ্পা’-এর গানগুলোতে মজে ওঠেন। ভেন্যু সাজানো হয়েছিল গোলাপি গোলাপের পাপড়ি ও গাঁদা ফুলের নান্দনিক কারুকার্যে।
বিয়ের ভোজেও দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া ছিল চোখে পড়ার মতো। অতিথিদের কলাপাতায় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল হায়দেরাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের মুরগির পদ ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া এবং কর্ণাটকের বিখ্যাত ‘পান্ডি কারি’। মিষ্টি হিসেবে ছিল মহীশূর পাক। অতিথিদের স্বাগত জানানো হয় ডাবের পানি দিয়ে।
বিজয় ও রাশমিকার প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে। পর্দার সেই প্রেম এবার বাস্তবে রূপ নিয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন, এশা রেব্বার ও অন্যান্য শোবিজ তারকারা।
নবদম্পতির অফিশিয়াল ছবি এখনো প্রকাশ করা হয়নি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত ও সহকর্মীরা তাদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছার স্রোত সৃষ্টি করেছেন।