বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত, দাবি আফগানিস্তানের

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই অভিযানে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। খবর প্রকাশ করেছে আফগান টাইমস।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এ অভিযান প্রায় চার ঘণ্টা ধরে চলে। অভিযানে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দুটি ঘাঁটি দখল করা হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ, একটি ট্যাংক ধ্বংস এবং একটি সামরিক যান কবজায় নেওয়ার কথাও জানানো হয়েছে।

তালেবানের দাবি অনুযায়ী, সংঘর্ষে তাদের ৮ যোদ্ধা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক বা তৃতীয় পক্ষের সূত্র থেকে হতাহতের এ সংখ্যার সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার জেরে এ পাল্টাপাল্টি আক্রমণের সূত্রপাত বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলায় নানগারহার প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিশ্লেষকদের মতে, আফগান–পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ডুরান্ড লাইন ইস্যু, সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি দুই দেশের সম্পর্ককে বারবার উত্তপ্ত করে তুলছে। সাম্প্রতিক এই সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটাগরি