শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

সীমান্তে পাল্টাপাল্টি হামলার জেরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পরবর্তীতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান। খবর প্রকাশ করেছে BBC

আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তবে ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, এখন আফগানিস্তানের সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সে দেওয়া পৃথক পোস্টে জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া হবে ‘ব্যাপক ও চূড়ান্ত’।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে আফগানিস্তান। আফগান কর্মকর্তারা জানান, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এই ঘটনার জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে পোস্ট করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে।

তার দাবি অনুযায়ী, এই অভিযানে কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ পর্যন্ত অন্তত ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। এছাড়া আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে আফগানিস্তানের পক্ষ থেকে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকদের মতে, ডুরান্ড লাইন ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা ও সীমান্ত নিরাপত্তা ইস্যু নতুন করে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক স্থিতিশীলতায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটাগরি